মিরসরাইয়ে চালু হলো চাইনিজ ভাষা শিক্ষা কোর্স ‘চাইনিজ হাতেখড়ি’

চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুত সম্প্রসারিত হচ্ছে চীনা মালিকানাধীন শিল্পকারখানা ও চীনা বিনিয়োগ। অর্থনৈতিক অঞ্চলে বাড়ছে চীনা নাগরিকদের উপস্থিতিও। তবে ভাষাগত যোগাযোগের সীমাবদ্ধতার কারণে স্থানীয় শিক্ষিত তরুণদের জন্য তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা।

সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণদের চীনা ভাষায় দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে মিরসরাইয়ে চালু হয়েছে চাইনিজ ভাষা শিক্ষা কোর্স ‘চাইনিজ হাতেখড়ি’। ‘সহজ চাইনিজ শিখুন, নিশ্চিত ক্যারিয়ার গড়ুন’—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (৭ আগস্ট) বিকেলে মিরসরাই পৌরসদরের মোজাম্মেল টাওয়ারের তৃতীয় তলায় ১৫ জন শিক্ষার্থী নিয়ে কোর্সটির উদ্বোধনী ক্লাস শুরু হয়।

কোর্সের প্রধান সমন্বয়কারী ও ট্রেইনার জামান উদ্বোধনী ক্লাসে বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে ৯০টিরও বেশি কারখানা উৎপাদনে গেছে। এর মধ্যে ৬০টিরও বেশি কারখানা চীনা মালিকানাধীন। এসব কারখানার পরিচালনা ও কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে শত শত চীনা নাগরিক বর্তমানে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থান করছেন।

তিনি বলেন, চীনা নাগরিকদের সঙ্গে কথোপকথন, ব্যবসায়িক যোগাযোগ এবং ক্রেতা বা বায়ারদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে স্থানীয় শিক্ষিত তরুণদের জন্য চীনা ভাষা জানা একটি বড় সুযোগ তৈরি করতে পারে। চীনা ভাষায় দক্ষতা অর্জন করে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে দোভাষীসহ গুরুত্বপূর্ণ পদে কাজের সুযোগ তৈরি হবে।

জামান আরও বলেন, সাধারণ একজন কর্মচারীর বেতন যেখানে প্রায় ১০ হাজার টাকা হতে পারে, সেখানে একজন দক্ষ দোভাষী ৩০ হাজার টাকা বা তারও বেশি বেতন পেতে পারেন। কোর্স সম্পন্ন করার পর শিক্ষার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্যও সর্বোচ্চ চেষ্টা করা হবে। পাশাপাশি চীনে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রেও শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার উদ্যোগ থাকবে।

তিনি বলেন, এখানে যারা চীনা ভাষা শিখতে আসবে, তারা শুধু একটি ভাষা শিখবে না; বরং নিজেদের ভবিষ্যৎ নির্মাণের একটি পরিকল্পনার মধ্য দিয়ে এগিয়ে যাবে।

প্রধান ট্রেইনার জামানের উপস্থাপনা ও সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চীনা ভাষার প্রশিক্ষক ও দোভাষী আরাফাত হোসেন, চীনের হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজি-এর বাংলাদেশি শিক্ষার্থী আকিব হোসাইন, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, দৈনিক মানবজমিনের প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী এবং সাংবাদিক আশরাফ উদ্দিন।
আয়োজকরা জানান, স্থানীয় শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের চীনা ভাষায় দক্ষ করে মিরসরাইয়ের শিল্পাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য।