দান নয়, স্বাবলম্বিতার সুযোগ সৃষ্টি। এই লক্ষ্যকে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়ায় এক প্রতিবন্ধী পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে একটি গবাদিপশু ও একটি ছাগল। ছোট্ট এই সহায়তাই হয়ে উঠতে পারে একটি পরিবারের অর্থনৈতিক মুক্তির পথচলার শুরু।
শুক্রবার উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মিয়াজীর পাড়ার প্রতিবন্ধী গিয়াস উদ্দিনের পরিবারের হাতে এসব গবাদিপশু তুলে দেয় আবাম ফাউন্ডেশন বাংলাদেশ।
এ সময় উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. রাশেদ উল্লাহ এবং সদস্য রমিজ উদ্দিন, আবুল কাশেম, স্থানীয় সমাজসেবক নাছির উদ্দিন।
সহায়তা পেয়ে গিয়াস উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহযোগিতা শুধু একটি উপহার নয়, বরং নতুন করে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা। যত্ন নিয়ে গবাদিপশু পালন করে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চান তারা।
স্থানীয় বাসিন্দা নাছির উদ্দিন জানান, আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর আগেও কুতুবদিয়ার বিভিন্ন অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা ও অন্যান্য মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। মানবিক এসব উদ্যোগ স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: রাশেদ উল্লাহ জানান, প্রতিবন্ধী ও অসচ্ছল পরিবারকে দীর্ঘমেয়াদে স্বাবলম্বী করে তুলতে স্বাবলম্বী কর্মসূচির অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হয়েছে। একটি গবাদিপশু ও একটি ছাগল দিয়ে শুরু হলেও ভবিষ্যতে এর মাধ্যমে পরিবারের নিয়মিত আয়ের একটি উৎস তৈরি হবে বলে তারা আশা করছেন।