আনোয়ারায় ইউপি সদস্য ও স্থানীয়দের পাল্টাপাল্টি মানববন্ধন, এলাকাজুড়ে উত্তেজনা

চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াছ কাঞ্চন রুবেলের সাথে একই এলাকার মো. ওমরের পরিবারের আদালতে মামলা ও পূর্ব বিরোধের জেরে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। শুক্রবার (৭ জুলাই) সকালে ইউপি সদস্য ইলিয়াছ কাঞ্চন রুবেলের সমর্থকরা সন্ধ্যায় মো. ওমরের সমর্থকরা এ মানববন্ধন করেন।

ইউপি সদস্য ইলিয়াছ কাঞ্চন রুবেলের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহারের দাবীতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈরাগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, ইউনিয়ন বিএনপির নেতা আবদুল করিম, উপজেলা স্বেচ্ছসেবক দলের সিনিয়র সদস্য নজরুল ইসলাম লিটন, কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন কন্ট্রোক্টর, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন শাহ্, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. নূরু মিয়া, যুবদল নেতা মোহাম্মদ ইলিয়াছসহ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এরপর শুক্রবার সন্ধ্যায় ওই এলাকায় আবারও মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন স্থানীয় ওমর ফারুকের স্বজন ও এলাকাবাসীরা। মানববন্ধন ও সমাবেশে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও মাদকের অভিযোগ তোলেন দায়ী করেন। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলে থানা পুলিশের একটি টিম পরিদর্শনে যান। সন্ধ্যায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম, শ্রমিক দল নেতা মো. সুমন, মো. ইদ্রিস, বদিউল আলম, মো. সোলেমান, মো. একরামসহ ভুক্তভোগী ওমর ফারুকের পরিবারের সদস্যরা।

জানা যায়, বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক এলাকার বাসিন্দা ওমর ফারুক স্থানীয় ইউপি সদস্য ইলিয়াছ কাঞ্চন রুবেলের বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা দাবি এবং দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে তুলে আদালতে মামলা দায়ের করলে গত রোববার (২ আগস্ট) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত অভিযোগটি আমলে নিয়ে আনোয়ারা থানাকে তদন্তের নির্দেশ দেন।

মামলায় ইউপি সদস্য ইলিয়াছ কাঞ্চন রুবেল (৩৫) ছাড়াও তার দুই সহযোগী সাজ্জাদ হাসান (২৭), ওমর কাদের সুজাতকে (২৫) ও আসামী করা হয়। তারা সবাই একই এলাকার বাসিন্দা। শুক্রবার মামলা প্রত্যাহারের প্রতিবাদে ইউপি সদস্য ইলিয়াছ কাঞ্চন রুবেলের সমর্থকরা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। পরে মামলার বাদী মো. ওমরের স্বজন ও এলাকাবাসীর ইউপি সদস্যের ছবিযুক্ত ব্যানারে সন্ধ্যায় চাঁদাবাজি বন্ধ ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

এদিকে ইউপি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও মানববন্ধনের কারনে এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের পাল্টপাল্টি অবস্থানের কারণে যেকোন সময় অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ‘দু’পক্ষের পাল্টাপাল্টি মানববন্ধনের বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’