চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুরান থানা রোড এবং সিকদার পাড়া রোডের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সড়ক দুইটিতে ময়লা-আবর্জনা নিয়ে লেখালেখি দেখে শুক্রবার সকালে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা জসিম উদ্দিনের উদ্যোগে এ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
যুবদল নেতা জসিম উদ্দিন বলেন, লোহাগাড়া সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুরাতন থানা রোড ও সিকদার পাড়া রোড জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম দুইটি সড়ক। এই সড়ক দিয়ে সিকদার পাড়া, সওদাগর পাড়ার বাসিন্দা, নজুমুনিচ্ছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসা, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ, মোস্তফা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় ও শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করে। সড়ক দুইটির আশপাশের বিভিন্ন জায়গা ও নালায় ময়লা-আবর্জনার স্তুপ জমে ছিল। নালায় ময়লা-আবর্জনার কারণে পানি চলাচলে ব্যাহত হচ্ছে। ফলে অল্প বৃষ্টিতে সড়কে হাঁটু পরিমাণ পানি জমে যায়। এতে চলাচলে জনসাধারণের দুর্ভোগ পোহাতে হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সড়ক দুটির দুইপাশের বিভিন্ন অংশ ও পানি চলাচলের পথ নালায় ময়লা-আবর্জনার কারণে অল্ল বৃষ্টিতে পানি জমে যায়।
এলাকার মানুষের চলাচল দুর্ভোগ পোহাতে হয়। তাই সড়ক দুইটির আশপাশ ও নালাগুলো পরিস্কার করার ফলে জনদুর্ভোগ লাঘব হবে।