লোহাগাড়ায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জলদাস (৫৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর আমিরাবাদ সার্বজনীন কালী মন্দিরের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অরুন মজুমদার একই এলাকার মৃত পরশুরাম জলদাসের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন মন্দির পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মজুমদার হিরু। নিহত অরুণ জলদাশ পেশায় একজন তবলা বাদক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে স্থানীয়রা মন্দিরের পুকুরে আসলে পুকুরের পূর্বপার্শ্বে ভাসমান অবস্থায় মাথার অংশ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে স্থানীয় ও পুলিশের চেষ্ঠায় দ্রুত মরদেহ উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, স্থানীয়রা থানায় খবর দিলে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।