সাম্প্রতিক পাহাড়ি ঢল ও বন্যায় যোগাযোগ বিচ্ছিন্ন দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অতি দুর্গম ধোপাছড়িতে আশার আলো জ্বেলেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি এড়াতে ও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে উপজেলার শেষ সীমানার এই জনপদে পরিচালিত হয়েছে দিনব্যাপী বিশেষ স্বাস্থ্য ক্যাম্প ও ত্রাণ বিতরণ কার্যক্রম।
গত বুধবার অনুষ্ঠিত এই বিশেষ ক্যাম্পে শত শত স্থানীয় রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। চিকিৎসা শেষে রোগীদের মাঝে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব উদ্যোগে বিতরণ করা হয় ত্রাণ সামগ্রী।
সেবার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বাড়াতে শিশুদের হামের টিকা ও কিশোরীদের এইচপিভি টিকাদান কার্যক্রম সম্পন্ন করা হয়। একই সাথে বন্যা-পরবর্তী পানিবাহিত রোগ প্রতিরোধ, বিশুদ্ধ পানির ব্যবহার ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে স্থানীয়দের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এই মানবিক উদ্যোগে সরাসরি নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা। দুর্গম পথ পাড়ি দিয়ে সেবাদানে আরও অংশ নেন- শিশু বিশেষজ্ঞ ডা. কাজী আবির আমান, ইএনটি কনসালটেন্ট ডা. মাহমুদ উল্লাহ ফারুকী, এমওডিসি ডা. দীপন দেবনাথ, মেডিকেল ডা. রোমানুল ইসলাম প্রমুখ।
চিকিৎসকদের পাশাপাশি মাঠপর্যায়ে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেন এমটি (ইপিআই), স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ), সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি, স্টোরকিপার, পরিসংখ্যানবিদ এবং পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দুর্গম পাহাড়ি এলাকায় ডাক্তারদের এমন সরাসরি উপস্থিতি, বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্বাস্থ্য বিভাগের এই মানবিক প্রচেষ্টা ভবিষ্যতে অব্যাহত থাকবে- এমনটাই প্রত্যাশা চন্দনাইশবাসীর।