​সরকারি বরাদ্দ ছাড়াই নিজস্ব অর্থায়নে একের পর এক রাস্তা বানিয়ে স্থানীয়দের মধ্যমনি নাসির উদ্দীন

​চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডস্থ দোহাজারী টু জামিজুরী প্রধান সড়কের সাথে যুক্ত দুইটি সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের ভোগান্তি ছিল চরমে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানিপুল থেকে জামিজুরী হয়ে ঘোড়াপাড়া পর্যন্ত প্রধান সড়কটি সম্প্রতি এলজিইডি কর্তৃক সংস্কার করার পর প্রধান সড়কের সাথে যুক্ত পাড়া-মহল্লার শাখা রাস্তা গুলো নিচু হয়ে যাওয়ার ফলে এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো।

​মানুষের ভোগান্তির কথা ভেবে যাতায়াত ব্যবস্থা সচল রাখতে নিজস্ব অর্থায়নে পূর্ব জামিজুরী এলাকায় ১৫০ ফিট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রস্থ এবং মধ্যম জামিজুরীতে ১০৫ ফিট দৈর্ঘ্য ও ৬ ফিট প্রস্থে দুইটি রাস্তা পরিবেশ বান্ধব ইউনিব্লক দিয়ে সংস্কার করে দিয়েছেন ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী সমাজসেবক মোহাম্মদ নাসির উদ্দীন। এলাকার উন্নয়ন ও মানুষের দুর্ভোগ লাঘবে তার জনকল্যাণমূলক এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে। রাস্তাটি সংস্কার করে দেওয়ায় মানুষ স্বস্তিতে চলাফেরা করতে পারছেন।

​গত শুক্রবার (১৭ জুলাই) বিকালে রাস্তা দুইটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সমাজসেবক মো. নাসির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক কাজী হাবিবুর রহমান, ধোপাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, সমাজসেবক জাকির হোসেন সওদাগর, ফারুক আজম, শরাফত আলী, সাবেক ইউপি সদস্য মোঃ শহীদ হোসেন, বিএনপি নেতা শহীদ, নাসির উদ্দিন, জয়নাল আবেদীন, মোঃ সোহেল, মোহাম্মদ শাহজাহান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা বলছেন, “জনস্বার্থে সেবামূলক এই কাজের জন্য নাসির উদ্দিনকে ধন্যবাদ। তার এই উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন উদ্যোগ শুধু একটি রাস্তা সংস্কার নয়, বরং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য উদাহরণ এবং অন্যদের জন্য অনুপ্রেরণা। তিনি সর্বদাই গরীব-দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাদের সহযোগিতা করেন। তাঁর নিকট কোনো অসহায় মানুষ গেলে খালি হাতে ফিরে না। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ব্যাপকভাবে ত্রাণ সহায়তা দিয়েছেন তিনি। এমন মানুষকেই আমরা জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই। ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করবেন।”

​উল্লেখ্য, প্রধান সড়কের সাথে যুক্ত শাখা রাস্তাগুলো দিয়ে চলাচলরত এলাকাবাসীর জনদুর্ভোগ লাঘবের জন্য নাসির উদ্দীনের নিজস্ব অর্থায়নে ইতিপূর্বে দুইটি রাস্তা ইউনিব্লক দিয়ে সংস্কার করা হয়েছে। আরো তিনটি শাখা রাস্তা নাসির উদ্দীনের নিজস্ব অর্থায়নে ইউনিব্লক দিয়ে সংস্কার কাজ চলমান রয়েছে। সেগুলো আগামী সপ্তাহে উদ্বোধন করা হবে বলে জানা গেছে।

​এবিষয়ে জনাব নাসির উদ্দীন বলেন, “মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজস্ব অর্থায়নে রাস্তা করে দিচ্ছি। ৬ নম্বর ওয়ার্ডে কোনো রাস্তা সংস্কারবিহীন থাকবে না, কোনো কাঁচা রাস্তা থাকবে না। ইতিমধ্যে চারটি রাস্তার কাজ শেষ করেছি, আরো তিনটির কাজ চলমান আছে। আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে। পর্যায়ক্রমে পাড়া-মহল্লার প্রত্যেকটি রাস্তা পরিবেশবান্ধব ইউনিব্লক দিয়ে করে দেবো ইনশাআল্লাহ্। এই জামিজুরী গ্রামে আমার জন্ম, এই গ্রামের আলো-বাতাসে আমি বড় হয়েছি। আমার এলাকার মানুষের দুর্ভোগ-দুর্দশা লাঘব করতে পারলে আমি মানসিক শান্তি পাই। আমার নির্দিষ্ট কোন সমাজ নাই, নির্দিষ্ট কোন পাড়া-মহল্লা নাই। জামিজুরী আমার, আমি জামিজুরীর।”

আরও পড়ুন