ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। বন্যা পরিস্থিতির চরম অবনতির মধ্যে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। প্রতিকূল পরিস্থিতিতে প্লাবিত এলাকায় কোমর সমান পানি মাড়িয়ে এবং নৌকায় চড়ে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত।
সোমবার (১৩ জুলাই) দুপুরে চন্দনাইশ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দুর্গত এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। বন্যা কবলিত ঘরে বন্দি থাকা মানুষের মাঝে শুকনো খাবার, চাল ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
প্রশাসনের কর্মকর্তাদের এভাবে সরাসরি পানির মধ্যে এসে ত্রাণ দিতে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় বানভাসি মানুষ। আর্তনাদ জড়ানো কণ্ঠে স্থানীয় বাসিন্দারা বলেন,”পানি ঘরের ভেতর ঢুকে গেছে, রান্না করার উপায় নেই। এই বিপদের সময় প্রশাসন ঘরে এসে খাবার দিয়ে যাবে, তা ভাবতেও পারিনি।”
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভার প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনরত চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান। এছাড়াও উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা এই কার্যক্রমে অংশ নেন।
ত্রাণ বিতরণ শেষে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক জানান, “দুর্যোগের এই মুহূর্তে কোনো মানুষ যেন না খেয়ে থাকে, সে লক্ষ্যে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চন্দনাইশের প্রতিটি প্লাবিত এলাকায় ত্রাণ পৌঁছানো নিশ্চিত করা হবে।”
চন্দনাইশ পৌরসভার প্রশাসক ও ইউএনও মো. আবদুর রহমান বলেন, “পৌর এলাকার বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। কন্ট্রোল রুমের মাধ্যমে দুর্গতদের খোঁজ নেওয়া হচ্ছে এবং এই ত্রাণ কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।”