টানা ছয়দিনের অবিরাম ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে শঙ্খ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আকস্মিক এই বন্যায় পৌরসভার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে ৭ নম্বর ওয়ার্ডের চরম দুর্দশায় দিন কাটানো অসহায় মানুষের পাশে মানবিক সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী নুরুল ইসলাম সওদাগর।
শুক্রবার (১০ জুলাই) বিকালে ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব দোহাজারী, বেগম বাজার, কিল্লাপাড়া ও রায়জোয়ারা সহ বিভিন্ন দুর্গত এলাকায় ঘরে ঘরে গিয়ে তিনি এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। আকস্মিক বন্যায় কর্মহীন ও ঘরে আটকে পড়া পরিবারগুলো এই সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।
ত্রাণ বিতরণকালে নুরুল ইসলাম সওদাগর বলেন,”দুর্যোগের এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক ও নৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে আমি সাধ্যমতো ত্রাণ সহায়তা নিয়ে তাদের কাছে ছুটে এসেছি। আমার সামর্থ্য অনুযায়ী যতদিন প্রয়োজন, ততদিন এই অসহায় মানুষগুলোর পাশে থাকব।”
উল্লেখ্য: আকস্মিক এই বন্যার কারণে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে গেছে। তলিয়ে গেছে বহু মৎস্য প্রকল্পও। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তার পাশাপাশি নুরুল ইসলাম সওদাগরের মতো স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন দুর্গত এলাকার সাধারণ মানুষ।