চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন এবং সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হামিদ, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. পিনাকি দাশ, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, উপজেলা মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম ও বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম।
প্রধান অতিথি ওমর সানী আকন বলেন, ‘টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সরকার জনগণের দোরগোড়ায় টিকা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। অভিভাবকদের উচিত সন্তানদের টিকা নিশ্চিত করা।’
সভাপতি ডা. নাজমা আকতার বলেন, ‘৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় আনা হবে। জনসচেতনতা ও সহযোগিতাই টিকা কার্যক্রম সফলতার চাবিকাঠি।’
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকীভাবে কয়েকজন শিক্ষার্থীকে টিকা প্রদান করে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বাঁশখালীতে ১ লক্ষ ৩৬ হাজার ৩৪৪ জন শিশু এই টিকা পাবে- এর মধ্যে স্কুল পর্যায়ে ৯২ হাজার ৪৮৮ জন এবং কমিউনিটি পর্যায়ে ৪৩ হাজার ৮৫৬ জন। উদ্বোধনের প্রথম দিন টিকা দেওয়া হয় ৭ হাজার ৭৩৬ জন শিক্ষার্থীকে। টিকাদান কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত।