বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, ইতিহাসে আলেম-ওলামারা জুলুমের বিরুদ্ধে, পরাধীনতার বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন, পাকিস্তানের বৈষ্যমের বিরুদ্ধে প্রতিবাদ এবং মহান মুক্তিযুদ্ধসহ সকল স্বাধীনতা আন্দোলন, স্বাধীকার আন্দোলন এবং মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ওলামা-মাশায়েখের ভূমিকা ইতিহাসের অবিচ্ছিন্ন অংশ।
বৃহস্পতিবার(৯ অক্টোবর) বিকেলে উপজেলার আমিরাবাদে একটি কমিউনিটি সেন্টারে ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে ওলামা-মাশায়েখদের সাথে এক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানেও মাদ্রাসা শিক্ষার্থীসহ শতাধিক আলেম শাহাদাত বরণ করেছেন, পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করেছেন। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে এবং বৈষম্যের বিরুদ্ধে ওয়াজ-নসিহত ও জুমায় খুতবা দেয়ার কারণে অনেকে চাকুরি হারিয়েছেন। জুলাই আন্দোলনের পক্ষে বক্তব্য দেওয়ার অসংখ্য আলেম অপদস্থ হয়েছেন, হামলার শিকার হয়েছেন, চাকুরিচ্যুত হয়েছেন এবং শাহাদাত বরণ করেছেন। মাদ্রাসা শিক্ষার্থীসহ ওলামা মাশায়েখগণের ত্যাগ কুরবানি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আল্লাহ্ সকলের কুরবানি উত্তমভাবে কবুল করুন।
বৈঠকে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর এ্যাডভোকেট আনোরুল আলম চৌধুরী।
চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর এ্যাডভোকেট আনোরুল আলম চৌধুরী বলেন, জুলাই বিপ্লবকে টেকসই করতে হলে প্রভিশনাল সাংবিধানিক আদেশে জুলাই সনদকে আইনী মর্যাদা দিতে হবে। নামে বেনামে পতিত স্বৈরাচারের পুনর্বাসন ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে হবে। জাতীয় পার্টি ও ১৪ দলীয় কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। স্বৈরাচারের দোসর এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ৩০/৩৫ ভাগ ভোট পেয়ে ফ্যাসিস্ট হওয়ার আশঙ্কা রোধ করতে উভয় কক্ষে সংখ্যানুপাতিক হার তথা পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। লুটেরা ও খুনিদের বিচার দৃশ্যমান করতে হবে এবং সকল দলের জন্য সমান সুযোগের নিশ্চয়তা বিধান করতে হবে।
বাংলাদেশ জামায়াত ইসলামী লোহাগাড়া শাখার আমীর অধ্যাপক আসাদ উল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্তে সেক্রেটারী অধ্যক্ষ আ ন ম নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর ড. হেলাল উদ্দীন নোমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন সহ-সভাপতি নুরুল আলম তালুকদার, ইসলামী আন্দোলন লোহাগাড়া শাখার সভাপতি মাওলানা আবদুল্লাহ আমিন আজহারী, সহ-সভাপতি মাওলানা নুরুল আবসার, হেফাজত ইসলামী লোহাগাড়া শাখার সহ-সভাপতি মহিউদ্দিন হেলালী, সেক্রেটারী মাওলানা শোয়াইবুল ইসলাম ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।