চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নয়ন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬ টায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ উত্তর মুরাদাবাদ ৪৩ নম্বর ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত নয়ন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডস্থ খলিল সওদাগরের বাড়ির আবুল কাশেমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, “ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।”