কর্ণফুলীতে পুকুর থেকে কিশোরের ভাসমান লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলীতে পুকুরে ভাসমান অবস্থায় ১৬ বছর বয়সী মোঃ শুভ আহমেদ এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া লাশটি নিমতলা সেগুন বাগান এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে শুভ’র বলে জানা গেছে। শুভ স্থানীয় ইউপি সদস্য মোঃ জসিমের নাতি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরলক্ষ্যা ৫নম্বর ওয়ার্ড নিমতলা ছাবের হাজীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার শুভ তার বাবা-মায়ের সাথে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দাদার গ্রামের বাড়ি নোয়াখালী হাতিয়া যাওয়ার কথা ছিল। বিয়েতে যাওয়ার জন্য বুধবার সকালে গোসল করতে পুকুরে যায়। গোসল করে আসতে দেরি হওয়ায় তার বাবা-মা মনে করে তাদের ছেলে দাদু বাড়ি না যাওয়ার জন্য তার নানার বাড়িতে চলে গেছে। শুভ আহমদ ছোটবেলা থেকেই নানার কাছে বড় হয়। অন্যদিকে নানার ধারণা শুভ তার বাবা-মার সাথে দাদার গ্রামের বাড়ি চলে গিয়েছে। তাই তারাও আর কোন খোঁজ নেয়নি। বৃহস্পতিবার সকালের দিকে স্থানীয়রা পুকুরে ওই কিশোরের ভাসমান লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে। তবু মৃত্যুর কারণ নিশ্চিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন