অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা ও বিশেষ অভিযানে অবদান রাখায় পুলিশ সুপার কর্তৃক পুরস্কৃত হয়েছেন চট্টগ্রামের চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার।
বুধবার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স সিভিকস সেন্টারে জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় এ পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সিরাজুল ইসলাম, পিপিএম সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
ওসি গোলাম সারোয়ারকে গত ৭ জুলাই চন্দনাইশ থানার ওসির দায়িত্ব অর্পন করা হয়। দায়িত্বভার গ্রহন করেই থানাবাসীর স্বার্থে তিনি নিরলস দায়িত্ব পালন শুরু করেন এবং দায়িত্ব গ্রহনের দেড় মাস অতিক্রম কালে পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় চন্দনাইশ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, চাঁদাবাজি, দস্যূতা, নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ বিভিন্ন কাজে সাফল্যতা অর্জন করেন। যার ফলে জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় ওসি গোলাম সারোয়ারকে উত্তম কাজের স্বীকৃতিস্বরুপ ‘বিশেষ পুরস্কার’ প্রদান করে সম্মাননা প্রদান করা হয়। এসময় তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
পুরস্কার পেয়ে চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, “থানায় কর্মরত সহকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় এই সফলতা অর্জন সম্ভব হয়েছে। পুরস্কার প্রদানের জন্য পুলিশ সুপার স্যারসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে এই ধারাবাহিকতা ধরে রাখতে আরও সচেষ্ট থাকবো।”