মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান:: প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ করেন। সেখানে তিনি ১২ নভেম্বর, ২০২৬ তারিখে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব, এর প্রতিকার এবং বিশ্বের দায়বদ্ধতা নিয়ে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। আহ্বানে তিনি বলেন, সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা নীতির আলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে হবে। এ সময়ে তিনি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, ঋণ-ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরসহ পাঁচ প্রস্তাব তুলে ধরেন। প্রস্তবনার শুরুতে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এ চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে বিবেচনা করে শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কাজ করছে সে তথ্যও তুলে ধরেন।
২০৩০ সালের মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো নির্গমন অর্জনের লক্ষ্যে সরকার কাজ করছে। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে। পরিবেশের সুরক্ষা করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশের এ প্রচেষ্টা নতুন সোনালী দিনের ইঙ্গিতবাহী বৈকি! বাংলাদেশে সবুজ শিল্পায়নকে উৎসাহিত করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ওই সম্মেলনে আরও বলেন, বর্তমানে দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। সরকার বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা সম্প্রসারণ, পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরিতে কাজ করছে।
পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা করেছে সরকার। সে তথ্য বিশ্বদরবারে তুলে ধরে জনাব তারেক রহমান বলেন, পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য হচ্ছে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত ও ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করা। এছাড়া উপকূলীয় জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়ানো যায়। এটা তৃতীয় বিশ্বের একটা চরম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য অত্যান্ত বাস্তবমুখী পদক্ষেপ কিংবা বলা যায় বাংলাদেশের এছাড়া কোনো বিকল্প নেই।
সম্মেলনে জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থা এখনো অপর্যাপ্ত এবং উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনা করছে না। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এর সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্যে আর ঋণ নয়, বরং অনুদান প্রয়োজন। পাশাপাশি তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে।
এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী পাঁচটি প্রস্তাব তুলে ধরেন। প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে। দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো উদ্যোগসহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে। তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের গতি বাড়াতে হবে। পঞ্চমত, কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে একটি ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে।
বক্তব্যে প্রধানমন্ত্রী জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ সম্মেলন থেকে বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে বলে বাংলাদেশ আশা করে। বিশ্বকে তিনি অবহিত করেন যে, বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময়ই পরিবেশ সুরক্ষা নিয়ে কঠোর অবস্থানে রয়েছেন। দেশব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা ও ২৫ কোটি চারা রোপণের বাস্তবায়ন শুরু হয়ে গেছে ঘোষণার সাথে সাথেই। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় একাই ২৫ কোটি চারা রোপণের সীমাকে ছাড়িয়ে যাওয়ার পদক্ষেপ নিয়েছে। বিশ্বমোড়লরা কার্বন নিঃসরন সীমার অতিরিক্ত করলেও জলবায়ু তহবিলে খুবই সীমিত পরিমাণ অর্থ সহায়তা করে তাকে, তাও ঋণ আকারে। প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীনকণ্ঠে উচ্চরণ করেছেন এ সহায়তা ঋণ নয়, অনুদান ও ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। বিশ্বমঞ্চে জনাব তারেক রহমানের এটা বিশেষ সাহসী উচ্চারণ, এটা বাংলাদেশের বক্তব্য। কারণ জলবায়ুজণিত ক্ষয়ক্ষতিতে বাংলাদেশ প্রথম সারির একটা দেশ হলেও বিশ্বসহযোগিতা খুবই সামান্যই পেয়ে থাকে। এ জন্য প্রধানমন্ত্রী জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বের কাছে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরেছেন।
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এ জন্য তিনি নিজ দেশ থেকেই কাজ শুরু করেছেন। রাজধানী ঢাকাসহ দেশের নদ-নদীগুলোর দূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠন করেছেন। নিজেদের পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী ও একটি বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। এ জন্য শুধু সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করলে হবে না, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও কাজ করতে হবে বলে তিনি মন্তব্য করেন। বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং তৎসংলগ্ন খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদ-নদীর নাব্যতা ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং ঢাকার চারপাশে বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়নসংক্রান্ত কার্যক্রমের সার্বিক বিষয়ে তিনি পরিবেশ মন্ত্রণালয়কে নির্দেশ দেন।
বায়ু ও শব্দদূষণ রোধ, পরিবেশবান্ধব ইট উৎপাদন এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে উচ্চপর্যায়ের বৈঠকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। পরিবেশ দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন তিনি। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এবং সবুজায়নে স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণ ও জনসচেতনতা বৃদ্ধির পরামর্শ দেন। কারণ হিসেবে যুক্তি তুলে ধরে তিনি বলেন, দেশের সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য এক নয়। এলাকায় মাটি ও পরিবেশের ধরন অনুযায়ী গাছ নির্বাচন করে লাগাতে হবে। এতে গাছের বেঁচে থাকার হার বাড়বে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধ ও পরিবেশগত উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। লেকগুলোতে সরাসরি পয়োবর্জ্য ও বর্জ্যর লাইন সংযোগ পুরোপুরি বন্ধ করা, লেকের আশপাশের ভবনগুলোতে বাধ্যতামূলকভাবে বর্জ্য শোধনাগার বা এসটিপি স্থাপন, লেকগুলোর পানি পরিষ্কার রাখতে নিয়মিত বর্জ্য অপসারণ, লেকের দূষণ রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে সমন্বিত ও জোরদার কার্যক্রম পরিচালনা ও গুলশান লেকসহ অন্যান্য লেককেন্দ্রিক সাধারণ মানুষের সুস্থ বিনোদন ও নাগরিক সুবিধা বাড়ানোর উদ্যোগ নিতে বলেন তিনি।
দেশ, সমাজ কারো একক চিন্তায় বা কাজে পুরোপুরি বদলে যায় না। এর জন্য সমবেত চিন্তা, উদ্ভাবন আন্তরিকতা ও প্রচেষ্টা প্রয়োজন। তাই প্রধানমন্ত্রীর কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলি, আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি। বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।
লেখক : মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার।