চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহিদ ফরহাদ হোসেন হলের তিনটি কক্ষে বিপুল পরিমাণ সিগারেটের অবশিষ্টাংশ, গাঁজা, মদ, হুইস্কিসহ বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডির যৌথ অভিযানে হলটির সি-ব্লকের ১০৮ ও ১০৪ নম্বর কক্ষ ও এ-ব্লকের ১০২ নম্বর কক্ষে এসব মাদক পাওয়া যায়।
জানা যায়, ১০৮ নম্বর কক্ষটি হল সংসদের জন্য বরাদ্দ থাকলেও এখানে অবৈধভাবে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন ৫ শিক্ষার্থী। ১০২ নম্বর কক্ষে অভিযানে দুজনকে একসঙ্গে সরাসরি মাদক সেবন করতে দেখা গেছে। এ সময় তাদের কক্ষে মদ, গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন দ্রব্য পাওয়া গেছে। ১০৪ নম্বর কক্ষেও মাকদের বিভিন্ন আলামত পাওয়া গেছে।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেন, ১০৮ নম্বর কক্ষে অবৈধভাবে ৫ শিক্ষার্থী অবস্থান করছিল। তারা আমার কাছে গত ১৫ অক্টোবর পর্যন্ত থাকার অনুমতি চাইলেও ১৫ তারিখের পরে রুম ছাড়েনি। তাই তালা লাগিয়ে দেই। এরপর তারা তালা ভেঙে ভিতরে ঢুকেছে। পরে আমি রুম ছাড়তে অফিসিয়াল নোটিশ দেই। কিন্তু তারা রুম ছাড়েনি, এমনকি নোটিশ ছিঁড়ে ফেলেছে। ওই কক্ষে গিয়ে বিপুল পরিমাণ সিগারেটের অবশিষ্টাংশ, গাঁজা, ইন্ডিয়ান ব্রান্ডের হুইস্কির বোতলসহ বিভিন্ন মাদকের আলামত দেখেছি।