চট্টগ্রামের উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে নয় বছরের কন্যাশিশু প্রান্তিকা সর্দার।
মঙ্গলবার (১৩ জানুয়ারি)সকাল ১০টায় বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া এলাকার উত্তর সর্দার পাড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।নিহত প্রান্তিকা সর্দার উত্তর সর্দারপাড়ার গণেশ সর্দারের কন্যা। প্রান্তিকা ৩ বোন ও ১ ভাইয়ের মধ্যে সবার বড় ছিলো।সে স্থানীয় মুক্তাকেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান,বাড়ির কাছে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে। এরপর মাইক্রোবাসটির চালক ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়।স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা.রাবেয়া খাতুন বলেন, প্রান্তিকাকে সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে মৃত ঘোষণা করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন,বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।