“এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে এক বিশাল সবুজ বিপ্লব। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র বিশেষ উদ্যোগে সমগ্র চট্টগ্রাম জেলাজুড়ে একদিনে সর্বমোট এক লাখ বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এই বিশাল কর্মযজ্ঞের অংশ হিসেবে চন্দনাইশ উপজেলায় মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আবদুর রহমান এর তত্বাবধানে একদিনেই চার হাজার বৃক্ষরোপণ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দোহাজারী পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার রাস্তার পাশে ইতিমধ্যে গর্ত খোঁড়া সম্পন্ন হয়েছে এবং জৈব সার প্রয়োগসহ অন্যান্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
প্রস্তুতির অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করতে সোমবার দুপুরে দোহাজারী পৌরসভার বিভিন্ন এলাকা সফর করেন দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।
পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন, হিসাবরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কনজারভেন্সি সুপার ভাইজার জমির উদ্দিন, টিকাদানকারী সুপারভাইজার মাহবুবুল আলম, বিদ্যুৎ হেলপার রাশেদুল ইসলাম, কম্পিউটার অপারেটর রিদোয়ান রানা সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সরেজমিন পরিদর্শন শেষে সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা জানান, মঙ্গলবার পুরো চন্দনাইশ উপজেলায় চার হাজার বৃক্ষরোপণ করা হবে। তন্মধ্যে দোহাজারী পৌরসভায় ৬০০টি বৃক্ষরোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। মঙ্গলবার নির্ধারিত সময়ে সুন্দর ও সফলভাবে চারা রোপণ সম্পন্ন করতে সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।