নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে চির নিন্দ্রায় শায়িত হলেন চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র হাজী আবুল কালাম আবু।
বুধবার (৭ অক্টোবর) বাদ যোহর বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী উচ্চ বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এ সময় জানাজায় বক্তব্য রাখেন
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা- উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা,বোয়ালখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষাবিদ, মানবাধিকারকর্মী এবং গণমাধ্যমের নেতারা অংশ নেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাজী আবুল কালাম আবু বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোরবান আলী সওদাগরের বাড়ির কোরবান আলী সওদাগরের মেজ ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই পুত্র,এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য,আবুল কালাম আবু ১৩ বছর পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
বোয়ালখালী পৌরসভা গঠনের পর ২০১৪ সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোটে পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন। এরপর প্রায় সাত বছর তিনি মেয়রের দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনে আবুল কালাম আবু পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে পৌরসভা বিএনপির সভাপতি, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণ জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, হাজী আবুল কালাম আবু প্রায় পাঁচ মাস ধরে অসুস্থ ছিলেন। অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে দেশে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।