চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গুণগত শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শিক্ষার সার্বিক অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন এবং শিক্ষানুরাগী ও ওয়েক্সনিক্স টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবক উভয়ের দায়িত্ব অপরিসীম। শুধু শ্রেণীকক্ষের শিক্ষা নয়, বাড়িতেও সন্তানের পড়াশোনা ও আচরণের প্রতি অভিভাবকদের নজর দিতে হবে। শিক্ষা পরিবেশ ও পরিকাঠামোগত উন্নয়নে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় সর্বদা সচেষ্ট রয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় অংশে অভিভাবকগণ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং সার্বিক উন্নতির বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।