বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ারখালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে তিন যুবকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা রেলওয়ে স্টেশন ও পৌর সদরের আল মদিনা মার্কেটের তৃতীয় তলায় পৃথকভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। এ সময় অভিযানে সহযোগিতা করেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন এবং বোয়ালখালী থানার পুলিশ সদস্যরা।

অভিযানে মাদক সেবনের অপরাধে মোহাম্মদ মিন্টু মিয়া, সাগর আচার্য ও মোহাম্মদ সিজানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আটক তিনজনের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এর প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসন দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন মাদক সেবনের দায়ে সাজাপ্রাপ্ত তিন ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

আরও পড়ুন