জশনে জুলুসে আগত আশেকে রাসুলদের তৃষ্ণা মেটাতে পাহাড়ের যুবকদের ফ্রি শরবত বিতরণ

​পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে। জামিজুরী ফাজিল মাদ্রাসা থেকে দীর্ঘ পথ হেঁটে ক্লান্ত-শ্রান্ত ও প্রখর রোদে তৃষ্ণার্ত শিশু, যুবক ও বয়োবৃদ্ধ মানুষের মুখে একচিলতি স্বস্তি আর হাসি ফুটিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ‘ময়নার বাপের পাহাড়’ এলাকার একদল উদীয়মান যুবক।

​ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে আয়োজিত জশনে জুলুসে অংশগ্রহণকারী পথচারী ও আশেকে রাসুলদের পিপাসা নিবারণে সম্পূর্ণ বিনামূল্যে ঠান্ডা শরবত ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন এই তরুণেরা।

​আয়োজনের উদ্যোক্তারা জানান, “প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) মানবসেবা ও ত্যাগের যে শিক্ষা আমাদের দিয়ে গেছেন, সেই আদর্শকে ভালোবেসেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দূর-দূরান্ত থেকে আসা এই নবীপ্রেমীদের সামান্য সেবা করতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি।”

​শরবত পান করতে আসা এক প্রবীণ ব্যক্তি আবেগপ্লুত হয়ে বলেন, “দীর্ঘ পথ হেঁটে খুব তৃষ্ণা পেয়েছিল। এই তরুণেরা যেভাবে ভালোবেসে বুকে টেনে নিয়ে বরফশীতল শরবত খাইয়েছে, তাতে অন্তরের অন্তস্তল থেকে তাদের জন্য দোয়া আসছে।”

​ময়নার বাপের পাহাড় এলাকার যুবসমাজের এই মানবিক ও সেবামূলক কর্মকাণ্ড সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে। তরুণেরা জানিয়েছেন, আগামীতেও প্রিয় নবীজির ভালোবাসাকে বুকে ধারণ করে যেকোনো ধর্মীয় উৎসব ও মানবিক প্রয়োজনে তাঁরা এভাবে সাধারণ মানুষের পাশে থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন- আবু তাহের, মো: হারুন, মো. কামাল হোসেন, আবদুল হাকিম, আমজাদ হোসেন, শওকত ওসমান, শমসু আলম, নুর কাদের, মো. আয়াজ, আশিক, সফি আলম, রবিউল, খোকা প্রমূখ।