বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ শত পরিবারকে আল-মানাহিল ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ শত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মাছরাঙা কনভেনশন হলে এ সহায়তা বিতরণ করা হয়।

বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীরের তত্ত্বাবধানে আল-মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১৬ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়রের একান্ত সচিব মো. মারুফুল হক, আল-মানাহিল ফাউন্ডেশনের প্রতিনিধি হুমাইয়ের, পুঁইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস ছবুর, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঈনুল হক চৌধুরী পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর বিভিন্ন এলাকায় অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিবারের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই আল-মানাহিল ফাউন্ডেশনের পক্ষ থেকে এ নগদ সহায়তা দেওয়া হয়েছে।

এদিকে নগদ অর্থ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।