চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ টিম ব্লিটজার এর ম্যানুফেকচার্ড প্রজেক্ট গো কার্ট এবং মার্স রোভার প্রদর্শনী পরিদর্শন করেছেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু।
চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে উক্ত প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড. মো. আবু মোয়াজ্জেম হোসাইন, টিম ব্লিটজারের এডভাইজর ও যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. আফনান হাসান, টিম ব্লিটজারের মডারেটর ও যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল রিফাত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের কার্যকরী সদস্য ডা. মুহাম্মদ তাশদীদ নূর এবং টিম ব্লিটজারের লিডারসহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী রুবাইয়াত তাসনিম সিমি। এর আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে চুয়েট প্রশাসনের সাথে ইসরাফিল খসরুর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফর্মুলা স্টুডেন্ট চায়না (FSAE China) ২০২৭ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে শিক্ষার্থীদের ফর্মূলা কার প্রজেক্টের সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। অতিথিবৃন্দ এসব কার্যক্রম দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহবান জানান। এ কার্যক্রমে শিক্ষার্থীদের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।