চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সেলিনা আকতার (৫৬) নামে এক নারীর নিহতের ঘটনায় বোয়ালখালী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে নিহত সেলিনা আকতারের পুত্র
মো.মিজানুর রহমান বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয় জনকে আসামি করে বোয়ালখালী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত সেলিনা আকতার বোয়ালখালী পৌরসভার২ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী এলাকার ফুলচাঁদ চৌধুরী বাড়ির মো. নাছের চৌধুরীর স্ত্রী।
মামলায় অভিযুক্তরা হলেন- একই এলাকার মৃত খায়ের আম্মদের ছেলে ইব্রাহীম চৌধুরী মানিক (৪০), মো.নাছেরের ছেলে মো.আসিফ (৩২), মো.আরমান (২৮), মো. হেলাল (৩০), মৃত ফয়েজ আম্মদের ছেলে মো. নাছের (৬০), ইব্রাহীম চৌধুরী মানিকের স্ত্রী কলি আকতার (২৮) এবং মো. ইসমাইল চৌধুরীর স্ত্রী ঝিনু আকতার (৪৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়,জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর একটি মামলা দায়েরের পর থেকে আসামিরা মিজান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।এরই ধারাবাহিকতায় গত( ৯ আগস্ট)রাতে মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মিজানের ওপর হামলা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ সময় আসামিরা হকিস্টিক দিয়ে তাঁকে মারধর করেন। মিজানের চিৎকার শুনে তাঁর মা সেলিনা আকতার ও বাবা মো.নাছের চৌধুরী এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা করা হয়।এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, ইব্রাহীম চৌধুরী মানিক রড দিয়ে সেলিনা আকতারকে আঘাত করেন। পরে তাঁকে পুকুরে ফেলে দেওয়া হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় ৭ জনের নামে মামলা রুজু করা হয়েছে। আমরা অভিযুক্তদের আটকে অভিযান অব্যাহত রেখেছি।