চট্টগ্রামের লোহাগাড়ায় এসএসসি পরীক্ষার ফলাফলে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ও বীরবিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়। বিদ্যালয় দুইটির এবারের পাশের হার ৮৭.৫০ শতাংশ। যা উপজেলার বিদ্যালয়গুলোর ফলাফলের শীর্ষে।
এবারে আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয় থেকে ২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২১ জনই উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয় থেকে মোট ২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠার ৫৬ বছর পর প্রতিষ্ঠানটির এমন সাফল্যে আনন্দিত শিক্ষক,শিক্ষার্থী,অভিবাবক,পরিচালনা কমিটি ও এলাকাবাসী।
শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান ও শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আন্তরিক নজরদারির মাধ্যমে বিদ্যালয়টি ধারাবাহিকভাবে ভালো ফলাফল করছে মনে করছেন তারা।
এ দিকে মঙ্গলবার বিকেলে ভাল রেজাল্ট করা শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়টির হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ডাক্তার হেলাল উদ্দীন,শিক্ষানুরাগী ইব্রাহীম চৌধুরী,দেলোয়ার হোসেন,মুজিবুর রহমান মুজিব,হাজী মুসা,কামাল হোসেন প্রমূখ।
বিদ্যালয়ের সভাপতি মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, মানসম্মত পাঠদান, নিয়মিত ক্লাস টেস্ট এবং শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনার কারণেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এ ফলাফলে আমরা আনন্দিত। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদ সম্মিলিতভাবে কাজ করবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কান্তি পাল বলেন, নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আমরা নিয়মিত সভা করি। শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেওয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী তাদের দিকনির্দেশনা দেওয়া হয়। সবার সম্মিলিত প্রচেষ্টার ফলই হলো এই ভালো ফলাফল। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে হোম ভিজিট, নিয়মিত মডেল টেস্ট গ্রহণ এবং কঠোর নিয়মশৃঙ্খলা অনুসরণ করা হয়। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতায় বিদ্যালয়টি বরাবরই সুনাম ধরে রাখার চেষ্টা করছে। আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। বিদ্যালয়ের এমন ফলাফলে শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যঁদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে।