চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এসিড পান করে রাজীব বণিক (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
নিহত রাজীব বণিক বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বণিকপাড়ার বাসিন্দা মনোহরি বণিকের পুত্র।চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকায় তার একটি স্বর্ণের দোকান ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,শুক্রবার (১৭ জুলাই)রাত ৮টার দিকে নিজ স্বর্ণের দোকানে থাকা এসিড পান করেন রাজীব। পরে তাকে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিনগত রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচলাইশ মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সফিউল আজম মুন্সী বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।এসিড পান করার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। ঘটনাটি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।