চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে গত ৫ জানুয়ারি স্কুল ছাত্র সাহেদকে দুর্বৃত্তরা গলাকেটে খুন করার দশ দিন অতিবাহিত হওয়ার পরও হত্যা রহস্যের কোনো ক্লু উদঘাটন করতে পারেনি পুলিশ। এনিয়ে একদিকে জনমনে বিরাজ করছে আতঙ্ক, অন্যদিকে ছাত্রজনতার ডাকে শুরু হয়েছে আন্দোলন, বিক্ষোভ।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আরমান জানান, স্কুল ছাত্র সাহেদ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। কয়েকটি বিষয় নিয়ে তদন্ত চালাচ্ছে। তদন্তের স্বার্থে এসব বিষয়ে গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।
এদিকে ১২ জানুয়ারি বিকেলে সাহেদের বাবা মোনাফ সাংবাদিকদের কাছে দাবি করেন তার ছেলের হত্যার তদন্তে পুলিশ গাফেলতি করছেন। তিনি একমাত্র সন্তানের শোকে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। তিনি কাঁদতে কাঁদতে তার সন্তানের হত্যাকারীদের দৃশ্যমান শাস্তি দাবি করেন।
সাহেদের নৃশংস হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাঙ্গুনিয়া ছাত্রজনতা। ১৩ জানুয়ারি বিকেল ৪টার দিকে ঘাটচেক এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার ইছাখালী সদরে গিয়ে শেষ হয়।বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া ছাত্রজনতার প্রতিনিধি শেখ আহমেদ আরিফ, মো: নেজাম, মো: মারুফ, মো: আশিক, মো: আদনান রাফি, মো: আমিনুল ইসলাম সাব্বির, মো: মইন উদ্দিন, মো:ইমন, মো: ফাহিম প্রমুখ। পরে তারা দ্রুত সাহেদ হত্যার বিচার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানকে স্মারকলিপি দেন।
অপরদিকে নিহত সাহেদ এর বাড়িতে গিয়ে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরী এবং দাঁড়িপাল্লার প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম সাহেদের পিতার সাথে সাক্ষাৎ করে এ নৃশংস হত্যার বিচার দাবি করেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান। তারা এ বর্বর হত্যাকাণ্ডে জড়িতদের বিচারকার্যে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।