গণভোট ও নির্বাচনের প্রচারণায় দোহাজারীতে ‘ভোটের গাড়ি’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে “দেশের চাবি আপনার হাতে” প্রতিপাদ্য নিয়ে বিশেষ প্রচারণা চালাচ্ছে অন্তবর্তী সরকার। এ উপলক্ষে দেশব্যাপী জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বিশেষ প্রচারণা চালায় বিশেষায়িত যান ‘সুপার ক্যারাভান’।

গত মঙ্গলবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দোহাজারী পৌরসভা সদরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এলইডি স্ক্রিনে গণভোট ও সংসদ নির্বাচন সংক্রান্ত ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্য ও প্রামাণ্যচিত্র এবং জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা প্রচার করা হয়।

এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, দোহাজারী পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. নাঈম উদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার ও গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরাই এই প্রচারণার মূল লক্ষ্য। এই সুপার ক্যারাভান থেকে আগামী সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর প্রস্তাবিত গণভোটের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও এর তাৎপর্য জনসাধারণের সামনে তুলে ধরা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও তথ্য-সংবলিত ক্যারাভানটি নাগরিকদের ভোটাধিকার এবং রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে সচেতন করতে সারাদেশে পরিভ্রমণ করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুস্থ, সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সবার সহযোগিতা জরুরি।”