রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে গ্রেফতার ২, আগ্নেয়াস্ত্র উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. জাহেদ (৩৭)।

শুক্রবার (৯ জানুয়ারি) পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ।
গ্রেপ্তার মো. জাহেদ দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পশ্চিম সরফভাটা এলাকার মৃত আবদুস শহিদের ছেলে।

পুলিশ জানায়, চট্টগ্রাম পুলিশ সুপারের নির্দেশনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহেদকে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, নয়টি কার্তুজ (শীসা) এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার জাহেদের বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাসহ বিভিন্ন থানায় মারামারি ও চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে। ঘটনাস্থলে আরও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে গতকাল বৃহস্পতিবার (০৮ জানুয়ারী) রাত ৮.৩০ টায় চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়নের ০৭নং ওয়ার্ড পশ্চিম ভূমিরখীল রাইজিং কোচিং সেন্টারের পাশে ইটের সলিং রাস্তার উপর মো. রেজাউল করিম (৫৫) কে একা পেয়ে পূর্ব শত্রুতার জেরে পথরোধ করে মারধরের কারণে মুখে আঘাতে গুরুতর জখম করা হয়। এ নিয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অভিযোগের ভিত্তিতে উপপরিদর্শক হিমাংশু চন্দ্র সূত্রধরের নেতৃত্বে পৃথক অভিযানে আসামী মোঃ কামাল (৩০) কে গ্রেপ্তার করে। ‎সে মধ্যম সরফভাটা ৫নং ওয়ার্ডের মধ্যম ভূমিরখীলের মো. এমদাদ প্রকাশ জুইন্ন্যার ছেলে।

‎এবিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিলাল উদ্দিন আহমদ বলেন, বৃদ্ধকে মারধরের ঘটনায় অভিযোগের ভিত্তিতে আসামীকে দ্রুত গ্রেপ্তার করা হয়। ধৃত আসামীকে যথানিয়মে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।