মিরসরাইয়ে লাখ টাকা মূল্যের অবৈধ বেহুন্দি জাল জব্দ ও ধ্বংস

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে প্রায় ১ লাখ টাকা মূল্যের অবৈধ বেহুন্দি জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে বঙ্গোপসাগরের মোহনায় সন্দ্বীপ চ্যানেল এলাকায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা সহযোগিতা করেন। অভিযান শেষে উপজেলার ডোমখালী, সাহেরখালী, বামনসুন্দর ও ষোলগেট মাছঘাট পরিদর্শন করা হয়।

এ সময় মাছঘাটে উপস্থিত জেলে, মাছ ব্যবসায়ী ও নৌযান মালিকদের অবৈধ বেহুন্দি জালসহ সব ধরনের নিষিদ্ধ জাল ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি ‘বিশেষ কম্বিং অপারেশন ২০২৬ সম্পর্কে তাদের সচেতন করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, অবৈধ বেহুন্দি জালসহ অন্যান্য নিষিদ্ধ জালের বিরুদ্ধে ‘বিশেষ কম্বিং অপারেশন ২০২৬ এর প্রথম ধাপ আগামী ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে। এছাড়া চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসজুড়ে পূর্ণিমা ও অমাবস্যাকে কেন্দ্র করে চার ধাপে এ অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, সামুদ্রিক ও উপকূলীয় মাছের প্রজনন রক্ষা এবং টেকসই মৎস্যসম্পদ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।