বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সৎসঙ্গ বাংলাদেশ। রাষ্ট্রীয় শোক পালনের কারণে সৎসঙ্গ বাংলাদেশ – ফটিকছড়ি উপজেলা কর্তৃক আয়োজিত শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্ম-মহোৎসব স্থগিত ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সৎসঙ্গ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক প্রদীপ কুমার দেব। তিনি বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে আগামী তিনদিন রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ কারণে আগামী ২ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিতব্য শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্ম-মহোৎসব স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আগামী শুক্রবার ফটিকছড়ি সৎসঙ্গ বিহারে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এ সময় তিনি জন্ম-মহোৎসব আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ, শ্রম ও সার্বিক সহযোগিতায় যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সৎসঙ্গ ফটিকছড়ি উপজেলা উৎসব কমিটির সভাপতি সাধন চন্দ্র কর, সাধারণ সম্পাদক রঞ্জন কুমার দে, সাবেক ভাইস চেয়ারম্যান ও সমন্বয়কারী অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন, অর্থ সম্পাদক তাপস দত্ত, সাংগঠনিক সম্পাদক রবিন পাল, সাংস্কৃতিক সম্পাদক ডা. টিটু শীলসহ সন্তোষ শীল, প্রদীপ কুমার ধর, পণ্ডিত লিঙ্কন চক্রবর্তী, তুষার পাল, রনি মহাজন, পিন্টু কুমার শীল, শুভ কান্তি দে ও অ্যাডভোকেট লিটু পাল।