আসন্ন নির্বাচনকে ঘিরে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত ফটিকছড়িতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন ফটিকছড়ি থানার সদ্য নিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম। এসময় তিনি তথ্য আদান-প্রদানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ফটিকছড়ি প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স উল্লেখ করে তিনি বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। চট্টগ্রামের ফটিকছড়ি থানা এলাকা আয়তনে বিশাল হওয়ায় সব দিকের সব তথ্য ও ঘটনা তাৎক্ষণিক জানা অনেক সময় সম্ভব হয় না বলে মন্তব্য করেন ওসি।
এ সময় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ পুলিশ প্রশাসনকে তথ্য আদান-প্রদানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি ফটিকছড়িতে দুর্নীতি, অনিয়ম ও সাধারণ মানুষকে হয়রানি বন্ধে পুলিশ প্রশাসনের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান তারা। ওসি মোহাম্মদ সেলিম বলেন, প্রবাসীরা অনেক সময় হয়রানির শিকার হন। কেউ কেউ দীর্ঘ ১০ বছর পর দেশে ফিরে মামলা সংক্রান্ত জটিলতায় পড়েন। এ ধরনের বিষয়ে যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ সময় সাংবাদিকদের উদ্দেশে ওসি বলেন, তথ্য আদান-প্রদানের মাধ্যমে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো রাখা সম্ভব হবে।
ফটিকছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু একলাশ ঝিনুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এস এম মোর্শেদ মুন্না। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী, সহ-সভাপতি এমরান হোসেন ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ-সম্পাদক সাইফুর রহমান সোহান, কোষাধ্যক্ষ আলমগীর নিশান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজসেবা সম্পাদক আহমদ এরশাদ খোকন, পাঠাগার সম্পাদক শাহনেওয়াজ নাজিম, ক্রীড়া সম্পাদক মোস্তফা কামরুল, স্থায়ী সদস্য মো. জুনায়েদ, অস্থায়ী সদস্য ফজলুল করিম ও সহযোগী সদস্য মোহাম্মদ তারেক।