দেয়ালে চিকা মারতে গিয়ে ৩ আওয়ামী লীগ নেতা আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে দিনে-দুপুরে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের পক্ষে চিকা মারার সময় সংগঠনের ৩ নেতাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার ( ১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা মসজিদ সংলগ্ন কবরস্থানের দেয়ালে চিকা মারার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ওই তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন পৌরসভা যুবলীগের সহ-সভাপতি মো. তারেক হোসেন, মো. আকরাম ও মোহাম্মদ বেলাল।
এদিকে, এর আগের দিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে নানুপুর বাজার এলাকা থেকে হাসান মুন্সী এবং সমিতিরহাট ইউনিয়ন থেকে দিদারুল আলম নামে আরও দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

ঘটনার বিষয়ে বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গাউছিয়া কমিটি, তালিমুদ্দীন মাদ্রাসা ও উপজেলা মসজিদ সংলগ্ন কবরস্থানের দেয়ালে চিকা মারার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, ছাত্র সমন্বয়ক ও সাধারণ জনগণ তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ফটিকছড়ি থানায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম জানান, আটককৃতদের বিরুদ্ধে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগের দিন আরো দুইজন আওয়ামী লীগ নেতাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।