তরুণদের হাত ধরেই বাংলাদেশে পরিবর্তন আসবে: গণঅধিকার প্রার্থী তানজিম

চট্টগ্রাম -২ (ফটিকছড়ি) আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত ট্রাক প্রতিকের প্রার্থী রবিউল হাসান তানজিম বলেছেন, তরুণদের হাত ধরেই বাংলাদেশে পরিবর্তন আসবে।

আমি এই এলাকার সন্তান – ফটিকছড়িবাসীর খেদমতে নিজেকে নিয়োজিত করতে চাই। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উত্তর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তানজিম ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন এবং নির্বাচিত হলে তা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উচ্চতর পরিষদের সদস্য জসিম উদ্দিন বলেন, ২৪-এর আন্দোলনের অন্যতম সারথি ওসমান হাদীর ওপর হামলা রাজনৈতিক সন্ত্রাসের বহিঃপ্রকাশ। ইন্টারিম গভর্নমেন্ট যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে জনগণের প্রশ্ন থেকেই যাবে। তিনি দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।

তিনি আরও বলেন, চট্টগ্রাম-২ আসনে আমাদের সবচেয়ে কনিষ্ঠ প্রার্থী রবিউল হাসান তানজিম – যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, তাদেরই একজন। তরুণ প্রজন্মই আগামী দিনের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। গণঅধিকার প্রার্থী রবিউল হাসান তানজিম বলেন, আমি তরুণ, আমার সাহস আছে, ইচ্ছা আছে। ফটিকছড়িবাসীর জন্য ২৪ ঘণ্টা কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। আপনাদের দোরগোড়ায় গিয়ে কোথায় কী কাজ প্রয়োজন – তা বুঝে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করব। তিনি আরও বলেন, আগামী ১২ তারিখ ট্রাক প্রতীকে ভোট দিয়ে আমাকে আপনাদের খাদেম হিসেবে নিয়োগ করুন।

এসময় উত্তর জেলা গণধিকার পরিষদের দপ্তর সম্পাদক এম এ ইউসুফ, সদদ্য মোহাম্মদ পারভেজ, ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সুমন , ছাত্র অধিকার পরিষদ ফটিকছড়ি উপজেলা যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম আরিফ, ছাত্র অধিকার পরিষদের নারায়ণহাট কলেজের আহবায়ক এম এইচ মিনহজ ও ছাত্র অধিকার পরিষদ ফটিকছড়ি পৌরসভার সিনিয়র যুগ্ন আহবায়ক শিহাব বিন কাশেম উপস্থিত ছিলেন।