চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তারা চাকুরি ফেরত পেতে মানববন্ধন করেছে।
মঙ্গলবার সকাল ১০ টায় সাতকানিয়া-লোহাগাড়া ব্যাংকার পরিবারের উদ্যোগে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বটতলী মোটর ষ্টেশনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকে সাতকানিয়া-লোহাগাড়ার প্রায় ৪০০ জনসহ বৃহত্তর চট্টগ্রামের সাড়ে ৫ হাজার কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এস আলমের দোসর ট্যাগ দিয়ে চাকরিচ্যুত করা বড় ধরণের জুলুম। দেশের ইতিহাসে এধরণের আর জুলুম হয়েছে কিনা তা জানা নেই। একটা প্রতিষ্ঠানে ৫-৭ বছর চাকরি করার পর নিয়োগ পরীক্ষার নামে প্রহসনের আশ্রয় নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। চাকরি হারিয়ে তারা এখন মানবেতর জীবনযাপন করছেন।
বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংকে চাকরিচ্যুতদের চাকুরিতে পুনর্বহাল করার দাবি জানান।
সাইফুল আরমান চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন নাঈমুল ইসলাম, আরিফ, জুবাইর, মারুফ, ইমাম উদ্দিন, আবদুল জাব্বার, সরওয়ার, হুমায়ন কবির, সেলিম উদ্দিন খান ও নুরুল আলম প্রমুখ।