চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার টানা দ্বিতীয়বারের মতো ‘জেলার শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার।
সভায় জানানো হয়, চন্দনাইশ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার, মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দস্যূতা, নিয়মিত মামলার আসামী, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ নানাবিধ কার্যক্রমের জন্য ওসি গোলাম সারোয়ার এই স্বীকৃতি অর্জন করেছেন।
এর আগে, গত ২১ অক্টোবর অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায়ও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। টানা দুই মাস এই সম্মান অর্জন করায় জেলা পুলিশের বিভিন্ন স্তর থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।
পুরস্কার গ্রহণ শেষে ওসি গোলাম সারোয়ার বলেন, “আমার এ সম্মান এককভাবে অর্জন নয়। এটি চন্দনাইশ থানায় কর্মরত সকল সহকর্মীদের দায়িত্বশীলতা, একাগ্রতা ও পেশাদারিত্বের ফল। জনগণের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার। কাজের স্বীকৃতি সামনে চলার পথকে ও দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দেয়। জনগণের আস্থা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে আমরা অপরাধ দমনে আরও দৃঢ়ভাবে কাজ করে যাব।”
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. সিরাজুল ইসলাম পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শেখ মোঃ সেলিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল পিপিএম (বার) সহ বিভিন্ন থানার ওসি, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।