চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত প্রাথমিক মনোনয়নকে কেন্দ্র করে সৃষ্ট বিভাজন পরিস্থিতি নিরসন এবং দলের সর্বস্তরের ঐক্য রক্ষার স্বার্থে প্রবীণ নেতা আলহাজ্ব ছালাহ উদ্দীনকে চূড়ান্ত মনোনয়নে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর (রবিবার) চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে ফটিকছড়ির বিএনপি নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট সাইফুদ্দীন সিদ্দীকী সোহেল। বক্তব্যে বলা হয়, চট্টগ্রাম-২ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর ফটিকছড়ি বিএনপিতে যে বিভাজন সৃষ্টি হয়েছে, তা ধানের শীষের ঐতিহ্যবাহী ঘাঁটিকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারে। এই অস্থিতিশীলতার সুযোগ নিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি ফায়দা লুটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। বক্তব্যে আরও বলা হয়, দলীয় ঐক্য রক্ষায়, বিভাজন নিরসনে এবং তৃণমূলকে সুসংগঠিত রাখতে আলহাজ্ব ছালাহ উদ্দীনই সবচেয়ে গ্রহণযোগ্য ও সর্বজনশ্রদ্ধেয় নেতা। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ, সততা এবং আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতৃত্ব ফটিকছড়িতে আজ ঐক্যের প্রতীক হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত।
আলহাজ্ব ছালাহ উদ্দীনের রাজনৈতিক অবদান তুলে ধরে বলা হয় – সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ফটিকছড়ি চেয়ারম্যান সমিতির সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির গ্রাম সরকার সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, সহ-সভাপতি এবং সর্বশেষ তিনি উত্তরজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালের উপজেলা নির্বাচনে ২২,০০০ ভোটে এগিয়ে থাকার পরও তাঁর নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয় কারসাজির মাধ্যমে।
১৯৯৬, ২০০১ সালের জাতীয় নির্বাচনে এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রধান নির্বাচন সমন্বয়কারী তথা ধানের শীষের প্রধান নির্বাচন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ধানের শীষের সম্ভাব্য প্রার্থীদের তালিকায়ও সবার শীর্ষে ছিলেন আলহাজ্ব ছালাহ উদ্দীন। বক্তব্যে আরও বলা হয় – ফটিকছড়ির সংকট নেতৃত্বে নয়, সংকট সৃষ্টি হচ্ছে কৃত্রিম বিভাজনে। এই মুহূর্তে প্রয়োজন ঐক্য, আর সেই ঐক্যের সর্বজনস্বীকৃত প্রতীক আলহাজ্ব ছালাহ উদ্দীন। সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ দলীয় হাই-কম্যান্ড এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন – তৃণমূল বিএনপির প্রত্যাশা – এই প্রবীণ ও পরীক্ষিত নেতাকে ফটিকছড়ির উন্নয়ন, ঐক্য ও ধানের শীষের বিজয় নিশ্চিত করার স্বার্থে চূড়ান্ত মনোনয়ন তালিকায় বিবেচনা করা হবে। এ সময় চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজল বারিক, উপজেলা বিএনপির সদস্য বজলুল রহিম, এডভোকেট এম এ কাশেম, মোহাম্মদ হোসেন, আবুল হাসেম মেম্বার, মো: নুর উদ্দীন খান, উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য নুর উদ্দীন নুরু, পৌরসভা বিএনপির সদস্য কে এম আজম, মাস্টার শফিউল আলম শফি, ফারুখ বিন মুছাসহ
তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।