দোভাষীবাজারে হকার উচ্ছেদে ও সমিতির সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দোভাষী বাজারে হকার উচ্ছেদ ও বাধা দিতে যাওয়ায় সমিতির সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ী সমাজ।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি দোভাষী বাজার থেকে লিচুবাগান প্রদক্ষিণ করে দোভাষী বাজার শহীদ মিনারে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু জাফর, অর্থ সম্পাদক মোহাম্মদ এরশাদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আজাদ, সদস্য আবদুল অদুদ, মোহাম্মদ জাহাঙ্গীর, মো. ফরিদ, দ্বীন ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দোভাষী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহেদুল হক একজন সজ্জন ব্যক্তি। দোভাষী বাজার ব্যবসায়ীদের সুখ দুঃখের সাথী। হঠাৎ করে একদল দুর্বৃত্ত বাজারে এসে হকার উচ্ছেদের চেষ্টা করে। তাতে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধার ব্যবসায়ীরা এতে ক্ষোভ প্রকাশ করেন এবং দুর্বৃত্তদের গ্রেফতারের জোর দাবি জানান।