কর্ণফুলীতে প্রবাসী পরিবারের ওপর হামলা, আহত ৩

চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠানে এক প্রবাসীর পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর ফুলতল এলাকার প্রবাসী মো. নাঈম উদ্দিনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আতিকুল ইসলাম সম্রাট (২৮), আনিসুর হক শাওন (২২) ও মোহাম্মদ লোকমান (৩২) নামে তিনজন আহত হয়। আহতরা সকলে দৌলতপুর ফুলতল এলাকার বাসিন্দা।

আহতরা জানান, তাদের জমিতে বালু ভরাটের সময় একই এলাকার মোহাম্মদ ফারুকের নেতৃত্বে তার ভাই মো. ইসমাইল, সোহেল, মোজাহের, জহির, আওয়াল, ইব্রাহিমসহ ২০–৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে কাজ বন্ধ করে দেন এবং তাদের ওপর হামলা করে।

প্রবাসী নাঈম উদ্দিন বলেন, ‘আমার কেনা জমিতে বালু ভরাট করার সময় তারা ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। আগেও তাদের দেড় লাখ টাকা দেওয়া হয়। বাকি টাকার জন্য আজ শুক্রবার বিকেলে এসে কাজ বন্ধ করে দিয়ে আমার পরিবারের ওপর হামলা করে। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘এঘটনায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’