চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আপন চাচাত ভাইকে খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৫ বছরের পলাতক আসামী মোঃ মুসা(৫৫) প্রকাশ বাইল্যাকে গ্রেফতার করেছে পুলিশ।
সে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের পূর্ব খীলমোগল গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারী ১৯৯১ সালে আপন চাচাত ভাইকে ভারী বস্তুর আঘাতে খুন করার দায়ে তার বিরুদ্ধে আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। সে দীর্ঘদিন পলাতক অবস্থায় মধ্যপ্রাচ্য ওমানে প্রবাসে ছিলেন। গত দুই সপ্তাহ পূর্বে প্রবাস থেকে দেশে ফিরলে তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঘাগড়াকুল এলাকা হতে আত্মীয়ের বাড়িতে আত্মগোপন অবস্থায় শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১টায় উপপরিদর্শক মাহফুজুর রহমানের নেতৃত্বে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, চাচাত ভাইকে খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৫ বছর প্রবাসে পলাতক আসামীকে গ্রেফতার করে নিয়ে আসে। আইনী প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরণ করা হবে।