চট্টগ্রাম-১৩ (আনোয়ারা -কর্ণফুলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির দুঃসময়ের ত্যাগী নেতা কর্মী ও আনোয়ারা-কর্ণফুলীর সর্বস্তরের জনসাধারণের ব্যানারে চট্টগ্রামের আনোয়ারায় বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার কালাবিবির দিঘির মোড় থেকে শুরু হয়ে মশাল মিছিলটি কর্ণফুলী টানেল চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে ঘন্টাখানেক অবস্থান নেন বিক্ষোভকারীরা।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির কারানির্যাতিত ও ত্যাগী নেতা রফিক ডিলার, আবুল কাসেম, মোস্তাক আহমদ, জামাল হোসেন, মুজিব, মো. শাহজাহান, মো. এরশাদ, শফিউল আলম, মহিউদ্দিন, মো. দস্তগীর প্রমুখ।
এছাড়া মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
মিছিল থেকে সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের আহ্বান করা হয়। বিক্ষোভকারীরা সরওয়ার জামাল নিজামের নমিনেশন বাতিল করে চট্টগ্রাম-১৩ আসনে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
মিছিলে অংশগ্রহণকারীরা সরওয়ার জামাল নিজামের মনোনয়ন মানি না, মানব না শ্লোগান দিয়ে তার মনোনয়ন বাতিলের জোর দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, সরওয়ার জামাল নিজাম বিগত ১৭ বছর দল ও নেতাকর্মীদের খবর নেননি, ফ্যাসিস্ট সরকারের মামলা নির্যাতনে দলের কর্মীরা কারাগারে থাকাকালে লায়ন হেলাল উদ্দিন সবাইকে সহযোগিতা করেছে, আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছে, কিন্তু সরওয়ার জামাল নিজামের দেখা মেলেনি। এখন দলের সুসময়ে হঠাৎ করে মাঠে এসে নির্বাচনের মনোনয়ন কিভাবে পেল তা আমাদের প্রশ্ন। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ররহমানের কাছে আমাদের আবেদন চট্টগ্রাম-১৩ আসনের মনোনয়ন রিভিউ করে দুঃসময়ে যিনি মাঠে ছিলেন, দলের হাল ধরেছেন তাকে মনোনয়ন দিতে হবে।
মিছিলে নেতাকর্মীরা সরওয়ার জামাল নিজামের বিরুদ্ধেও নানা শ্লোগান দিয়ে তার কুশপুত্তলিকা দাহ করেন।