বোয়ালখালীতে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে দোকানিকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিষিদ্ধ পলিথিন মজুত ও মজুতকৃত পলিথিন বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে বোয়ালখালী উপজেলার শাকপুরা বাজার ও গোমদন্ডী ফুলতল বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এবং বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

এ সময় অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপপরিচালক মোজাহিদুর রহমান, সিনিয়র কেমিস্ট জনাব জান্নাতুল ফেরদৌস,বোয়ালখালী থানা পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও বোয়ালখালী উপজেলা প্রশাসনের স্টাফগণ।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বলেন,বোয়ালখালী উপজেলার শাকপুরা বাজার ও গোমদন্ডী ফুলতল বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং অন্য একটি প্রতিষ্ঠানকে ১৫ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও এসময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য মনিটরিং করা হয়। নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় তিনি।