বৃষ্টিভেজা রাতে এতিমখানায় দুম্বার মাংস পৌঁছে দিলেন চন্দনাইশের ইউএনও

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে সৌদি আরব সরকারের উপহারের ২২ কার্টুন দুম্বার মাংস উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নের ৫৫টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সৌদি রাজকীয় সরকার কর্তৃক প্রেরিত উপহার দুম্বার মাংস গত মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় জেলা থেকে উপজেলা পরিষদ চত্বরে পৌঁছার পর বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে বৃষ্টি উপেক্ষা করে গভীর রাত অবদি বিভিন্ন এতিমখানায় সরেজমিন পরিদর্শন করে স্বহস্তে এতিমখানার শিশুদের হাতে আনুপাতিক হারে মাংসের প্যাকেট যথাযথভাবে বন্টন করে দায়িত্বশীলতার অনন্য উদাহরণ স্থাপন করলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঞা।

গভীর রাতে দুম্বার মাংস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে কয়েকটি এতিমখানার শিক্ষক জানান, দুম্বার মাংস কখন আসতো, কারা সেই মাংস নিতো সেগুলো আমাদের জানার সুযোগ ছিল না। তবে এবার সেই মাংসের যারা আসল হকদার তাদের হাতেই সঠিকভাবে পৌঁছে দিয়েছে প্রশাসন। এগুলো আমাদের এতিম শিশুরা সবাই মিলে খাবে। এজন্য উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন বলেন, “সৌদি আরব সরকারের উপহারের এই দুম্বার মাংসের সম্পূর্ণ অধিকার দুঃস্থ, অভাবগ্রস্থ ও এতিমদের। সেই লক্ষ্যে ২২ কার্টুন দুম্বার মাংস উপজেলার ৫৫টি এতিমখানায় আনুপাতিক হারে বিতরণ করা হয়েছে। যারা প্রকৃত হকদার তাদের হাতে যেন সঠিকভাবে পৌঁছে সে তাগিদ থেকে নিজ হাতে বন্টন করেছি। এটি যেমন দায়িত্ব তেমনি আনন্দের।”