চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মৌলভী সিরাজি পাড়ায় আবুধাবি প্রবাসী ইকবাল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিকালে ঘরে কোনো লোকজন ছিল না বলে স্থানীয়রা জানান। গত ৩১ অক্টোবর রাতে এ ঘটে।
ইকবাল হোসেনের স্ত্রী তানজু আকতার গত ২৫ অক্টোবর মাতৃত্বজনিত কারণে রাউজান উপজেলাধীন নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অপারেশন হলে কয়েকদিন হাসপাতালে থাকতে হয় তানজুকে। তিনি হাসপাতাল থেকে এসে ঘরে ঢুকেই দেখতে পান আলমিরা ভাঙ্গা, বিভিন্ন জিনিসপত্র ঘরের মেঝেতে অগোচালোভাবে পড়ে আছে। ঘরের উপরের দিকে থাকাতেই দেখেন চাল কাটা। তখন তিনি পাড়া-প্রতিবেশি ও আত্মীয় স্বজনকে ডেকে বিষয়টি দেখালে তারা দ্রুত রাঙ্গুনিয়া মডেল থানায় যোগাযোগ করে অভিযোগ করেন।
থানায় অভিযোগ সূত্রে জানা যায় যায়, সেমিপাকা ঘরের চালের টিন কেটে ডাকাতেরা ঘরে ঢুকে আলমিরাহ ভেঙ্গে ২ ভরি বিদেশী স্বর্ণ, নগদ ৬০ (ষাট) হাজার টাকা, বিদেশি কাপড়-চোপড়, গ্যাস সিলিন্ডার, গ্যাসের চুলা, সিরামিকের ব্যবহার্য জিনিসপত্র নিয়ে যায়।
মৌলভী সিরাজি বাড়ির মোহাম্মদ মানিক ও রুবি আক্তারের ছেলে আরাফাত এ ডাকাতির সাথে জড়িত বলে দাবি করেন তানজুর মামা মোহাম্মদ ফারুক।
তিনি জানান, স্থানীয়দের সহায়তায় রাউজান পাহাড়তলি এলাকায় গিয়ে আরাফাতের বোনের বাড়ি থেকে ডাকাতির আলামত বিদেশি শাড়ি উদ্ধার করতে সমর্থ হয়েছেন। আরাফাতকে আটক করে রিমান্ডে নিলে সবকিছু পাওয়া যাবে বলে আশা করেন। উল্লেখ্য আরাফাত কিছুদিন আগেও চুরির মামলায় গ্রেফতার হয়ে জেল খেটেছেন।
রাঙ্গুনিয়া মডেল থানার এসআই মিজানুর রহমান এর নেতৃত্বে পুলিশ দল এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এস আই মিজান জানান, ডাকাতির অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছি। বিষয়টি তদন্ত চলছে। ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।