খাদিম আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের ভূমিধস বিজয়

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে অবস্থিত ‘চর খাগরিয়া খাদিম আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়’ এর অভিভাবক সদস্য নির্বাচনে বিএনপিপন্থী প্যানেল ভূমিধস জয় পেয়েছে। নির্বাচনে চারজন অভিভাবক সদস্যই বিএনপিপন্থী প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব। নির্বাচনে মোট ভোটার ছিল ৫৪৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩১৯ জন। তবে ১৯ জনের ভোট বাতিল হয়েছে।

প্রিজাইডিং অফিসার উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব স্বাক্ষরিত ফলাফল পত্র থেকে জানা যায়, নির্বাচনে ১৮৫ ভোট পেয়ে এক নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন মুহাম্মদ খোরশেদুল আলম, ১৮২ ভোটে ২ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন আশরাফুজ্জামান, ১৭৫ ভোট পেয়ে ৩ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন আবু বকর এবং ১৫৩ ভোট পেয়ে ৪ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম।

এদিকে জামায়াতপন্থী প্যানেল থেকে সর্বোচ্চ ১৩৬ ভোট পেয়েছেন মো. মামুনুর রশিদ। এছাড়া মো. নুরুল আবছার পেয়েছেন ১২৫ ভোট, মো. নজরুল ইসলাম পেয়েছেন ১১৭ ভোট এবং মাহবুব আলম ৮৯ ভোট পেয়েছেন।

এছাড়া দাতা সদস্য ক্যাটাগরিতে মো. সাহেদ আজগর চৌধুরী, সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি জান্নাতুল কাউচার, সাধারণ শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আয়ুব আলী ও বেলাল উদ্দিন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মোছা. রেজিয়া বেগম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে অপ্রীতিকর যে কোন ঘটনা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুইজন পুলিশ উপপরিদর্শক এর নেতৃত্বে একদল পুলিশ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যালয় ক্যাম্পাসে দায়িত্ব পালন করেন। সকাল থেকে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও বেলা ১২টার দিকে ভোট কেন্দ্রের বাহিরে কথা কাটাকাটির জেরে বিএনপি ও জামায়েত প্যানেল সমর্থক উভয় পক্ষের মধ্যে দফায় দফায় মৃদু সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।