চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পূর্ব কালুরঘাটে কাভার্ডভ্যান থেকে মো. মহিউদ্দিন (৪০) নামে এক চালকের মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরের পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় কাভার্ডভ্যানের চালকের আসনের পেছনে বিশ্রামের একটি সিট রয়েছে। ওই সিটে চিৎ হয়ে শোয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত চালক মহিউদ্দিন ফটিকছড়ি উপজেলার নারায়ণ হাট এলাকার উকিল পাড়ার মো.ইউনুসের ছেলে। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
বোয়ালখালী থানা সূত্রে জানা যায়, চালক মহিউদ্দিন গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলার উখিয়া থেকে কাভার্ডভ্যানে মালামাল নিয়ে পূর্ব কালুরঘাটের হাক্কানি পেপার মিলে এসেছিলেন।
তার মামাতো ভাই মো. জাহেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মহিউদ্দিন গত ৩ মাস আগে আমীর আলী শাহ ট্রান্সপোর্টে চাকরি নিয়েছে। এর আগে বিছমিল্লাহ ট্রান্সপোর্টে কাজ করতো।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে স্টোক করে মারা গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।