চন্দনাইশে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকালে চন্দনাইশ উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি ও বেসরকারি কর্মকর্তা, পরিবহন শ্রমিক, চালক সংগঠনের প্রতিনিধি, নিরাপদ সড়ক আন্দোলনের কর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। র‌্যালি শেষে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন প্রমূখ। সভা সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চন্দনাইশের উপসহকারী প্রকৌশলী ফরহাদ উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, “দুর্ঘটনা রোধে নিয়মিত প্রশিক্ষণ, মানসম্মত হেলমেট ও সিটবেল্ট ব্যবহার বাধ্যতামূলক করা, যানবাহনের ফিটনেস পরীক্ষায় কঠোরতা আনা এবং রাস্তা-ঘাটের মান উন্নয়ন করা জরুরি। প্রতিদিন সড়কে প্রাণহানি ঘটছে চালক ও পথচারীদের অসচেতনতা, অতিরিক্ত গতি, ওভারটেকিং, অবৈধ পার্কিং ও ট্রাফিক আইন অমান্যের কারণে। তারা বলেন, শুধু আইন প্রয়োগ নয়, সবার মাঝে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।”