চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যাংকার ও তার পরিবারের ষাটোর্ধ্ব দুই সদস্যসহ ১১ সদস্যের নামে হয়রানিমূলক মামলা ও অপপ্রচারের অভিযোগ ওঠেছে।
শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী ব্যাংকার জাহেদ হোসেন। তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সরদানী পাড়া আবুল বশরের ছেলে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, জমির বিরোধের জেরে স্থানীয় প্রভাবশালী একরাম তাদের পরিবারের ষাটোর্ধ্ব দুই সদস্যসহ ১১ জনের নামে হয়রানিমূলক সাজানো মামলা করে। তাছাড়া ১০ লক্ষ টাকা চাঁদা দাবির মিথ্যা ভিত্তিহীন তথ্য ও ছবি দিয়ে বিভিন্ন আন্ডাগ্রাউন্ড অনলাইন, প্রিন্ট মিডিয়া ও সোস্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হয়। তাকে ও তার পরিবারের সদস্যদের আওয়ামী দোসর আখ্যা দিয়ে হয়রানি করে যাচ্ছে। অথচ আওয়ামীলীগ ও আওয়ামীলীগের কোন নেতার সাথে তাদের কোন দূরতম কোন সম্পর্ক নেই।
তিনি আরো বলেন, প্রতিপক্ষ জোর করে বিরোধীয় জায়গায় বাড়ি নির্মাণের চেষ্টা করে আসছে। প্রভাবশালী হওয়ায় সামাজিকভাবে বিচার শালিশ করেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। উল্টো তাদের পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানি করে ফাঁসানোর চেষ্টা করে আসছে। আমরা কোন অপরাধের সাথে জড়িত নই। এছাড়া কাউকে শ্লীলতাহানী চেষ্টা, অনৈতিক প্রস্তাব ও মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এসব অভিযোগ স্থানীয় প্রশাসনকে সঠিকভাবে তদন্তের জন্য দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী আবুল হাশেম, আবুল কাসেম, ছিদ্দিক আহমদ, আবদুল মন্নান, মুবিনুল হক, সাইফুল ইসলাম, মিনহাজুল হক ও আক্কাস উদ্দীন প্রমুখ।
জানতে চাইলে মুঠোফোনে অভিযুক্ত একরাম এসব বিষয় অস্বীকার করেন।