চট্টগ্রামের মিরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৭৫ লাখ সাড়ে ১০ হাজার টাকা মূল্যের ৫০ হাজার ৩শ মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলার বঙ্গোপসাগরের বামনসুন্দর ও ষোলগেইট এলাকায় এই অভিযান চালানো হয়। বাংলাদেশ কোস্টগার্ড মিরসরাই উপজেলা টিমের সদস্যদের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযানের শুরু থেকে আমরা তৎপর রয়েছি। ইতিপূর্বে সচেতনতামূলক সভা করেছি ও অভিযান চালিয়েছি। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার উপজেলার বামনসুন্দর ও ষোলগেইট ঘাট সংলগ্ন এলাকা থেকে কারেন্ট জাল ও চরঘেরা জাল ৫০ হাজার ৩শ মিটার জব্দ করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য ৭৫ লাখ সাড়ে ১০ হাজার টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এই ধরনের অভিযান চলমান থাকবে যাতে মা ইলিশের সংরক্ষণ নিশ্চিত করা যায় এবং সাগরে অবৈধ জাল ব্যবহারের প্রবণতা রোধ করা সম্ভব হয়।’